টাকার অভাব, ঢাবি ছাত্রদল
আর্থিক সহায়তা করার মাধ্যমে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন।   ছবি: আরটিএনএন

আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।

ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল ভর্তির শেষ দিন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সমস্যার কথা বিস্তারিত জেনে তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের টাকার ব্যবস্থা করে ওই শিক্ষার্থীর হাতে তুলে দেন।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমার পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। আজ ছিল শেষ দিন। পরে বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানিয়েছিলাম। তার মাধ্যমে নাছির উদ্দিন শাওন ভাই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেন।’

এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, ‘একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই বিষয়টি কখনো মেনে নিতে পারি না যে আর্থিক সংকটের কারণে কারও শিক্ষাজীবন ব্যাহত হবে। বরং ছাত্রনেতা হিসেবে ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।’