জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষা, জবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পলেস্তারা, খসে, আহত, ২ জন,
পলেস্তারা খসে পড়েছে।   ছবি: আরটিএনএন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারের বড় একটি অংশ শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন—গণিত বিভাগের ২০তম ব্যাচের তানভীর নেওয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা গণিত বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা ‘বিল্ডিং ভেঙে পড়ে প্রশাসন কী করছে?’, ‘ক্যাম্পাস সংস্কার কবে হবে প্রশাসন?’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো সংস্কারের দাবি জানান।

এসময় জকসু এজিএস মাসুদ রানা বলেন, "আমাদের ছোট ভাইদের ওপর পলেস্তারা পড়ে তারা মারাত্মক আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, মেসে থেকে শিক্ষার্থীরা নানা কষ্টে পড়ালেখা করে। এরপরও ক্যাম্পাসে এসে যদি জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়, তবে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।"

তিনি আরও অভিযোগ করেন, "এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত কমিটি করে, ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। অবিলম্বে ভবনগুলো সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।"

জকসু এজিএস বলেন, "মাননীয় উপাচার্য স্যার অবশ্যই বিষয়টি দেখবেন এবং অতি দ্রুত, বিশেষ করে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ এবং ইতিপূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, প্রয়োজনে সেই ভবনগুলো নতুন করে সংস্কার করতে হবে।"

এসময় গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সহ জকসুর সমাজসেবা সম্পাদক মাসুদ রানা, সদস্য জাহিদ হাসান ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু একাডেমিক ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ইতিপূর্বে বিজ্ঞান অনুষদের একাধিক কক্ষেও পলেস্তারা ধসের ঘটনা ঘটেছে। আবাসনহীন শিক্ষার্থীরা জরাজীর্ণ ক্লাসরুমে ক্লাস করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকেন।