পলিটেকনিক ডিপ্লোমা কোর্স তিন বছর করার পরিকল্পনা, শিক্ষা, মাদ্রাসা, কারিগরি, ডিপ্লোমা, শিক্ষামন্ত্রনালয়,
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় ডিপ্লোমা কোর্স সংক্ষিপ্তকরণের বিষয়ে আলোচনার দৃশ্য।   ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় পলিটেকনিক ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স তিন বছরে নামানোর চিন্তাভাবনা করছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ বিষয়টি আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী সভায় উন্নয়ন কর্মসূচি সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের গুরুত্ব আরোপ করেন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে কারিগরি শিক্ষার উন্নয়নে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোকপাত করা হয়।

সভায় বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু আছে। তবে আগে এই কোর্সের মেয়াদ ছিল তিন বছর এবং চার বছর করা হলেও পাঠ্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

মেয়াদ কমানো হলে শিক্ষার্থীরা এক বছর আগেই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন বলে সভায় উল্লেখ করা হয়। সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরবিএ/আরটিএনএন