বিয়ের আয়োজন ঘিরে কমিউনিটি সেন্টারে চলছিল উৎসবের প্রস্তুতি। হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে বিপত্তি। কনেকে দেওয়া চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান তিনি। সঙ্গে গা ঢাকা দেন কনের স্বজন পরিচয় দেওয়া ব্যক্তিরাও। পরে কনে ছাড়াই বরযাত্রীদের নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় ফয়ছলকে।
গত ১১ নভেম্বর বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ের উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর আবার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল তার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে জানিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তারা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার মুঠোফোনে যোগাযোগ অব্যাহত ছিল।
তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা সুমিকে জানালে তিনি নিজের কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। পরে মুঠোফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর ১১ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বুধবার সকালে বাসে করে বরসহ ৪২ জন নারী-পুরুষ হবিগঞ্জ থেকে রংপুরে আসেন।
তামান্নার দাবি, বিয়ের আগে বরপক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। গয়নার মান যাচাইয়ের আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। এরপর বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা, কনে ও ওই তিন নারীকে নিয়ে নগরীর দেওয়ানবাড়ি রোডের লক্ষ্মী জুয়েলার্সে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। গয়নার মান ঠিক আছে জানার পর সেগুলোসহ কনেকে সাজানোর জন্য নগরীর একটি বিউটি পার্লারে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, বিউটি পার্লারে ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাকে একটি রিকশায় তোলা হয়। ওই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া একজনও ওঠেন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
অন্য অটোরিকশাটি নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বুধবার বিকেল ৫টার দিকে সেখানে তারা নামেন। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বিষয়টি ফোন করে বরকে জানান তার দুই বোন।
তামান্নার অভিযোগ, তার ভাইয়ের দেওয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এ ছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়েও উধাও হয়েছেন কনে ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।
তামান্না বলেন, তারা আগে কখনো রংপুরে আসেননি। এ কারণে এখানকার পথঘাটও তাদের অজানা ছিল। দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে সুমিকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারেননি তারা।
বর ফয়ছল আহমেদ শুক্রবার রাতে মুঠোফোনে বলেন, ছোট বোন তামান্না তার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি নিজের ও পরিবারের আস্থা ছিল। একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে তামান্নারও সুমি আক্তারের প্রতি বিশ্বাস ছিল। এত বড় প্রতারণার শিকার হবেন, তা কখনো ভাবেননি তিনি।
এদিকে বিয়ের আয়োজন করা হয়েছিল রংপুরের কামাল কাছনার আগামীর চাষি কমিউনিটি সেন্টারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, তাদের কমিউনিটি সেন্টার ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু বুধবার সকালে বাসভর্তি বরযাত্রীদের কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেওয়া তিনজন তাদের কাছে আসেন। তারা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন অতিথি আসার কথা থাকলেও ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তারা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান।
রাকিবুল ইসলাম বলেন, মানবিক দিক বিবেচনা করে তাদের কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা বলেন। পরে ধাপে ধাপে প্রতারণার বিষয়টি সামনে আসে। এসব আয়োজনের টাকাও পরিশোধ করেনি কনেপক্ষ। খাওয়াদাওয়ার আয়োজনও শেষ পর্যন্ত হয়নি। কনেপক্ষের কাউকে পাওয়া গেলে আয়োজনের টাকা আদায় করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!