পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ
পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ।   ছবি: আরটিএনএন

পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুর বাবার দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাহাত প্রামাণিক গড়গড়ি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। একপর্যায়ে সবার অগোচরে অভিযুক্ত রাহাত প্রামাণিক শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, ঘটনার পর তার মেয়েকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর থানায় অভিযোগ করতে যাওয়ার সময় অভিযুক্তের জামাতা তুষার হোসেন তাদের নানাভাবে বাধা দেন এবং ভয়ভীতি দেখান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাত প্রামাণিককে গ্রেপ্তার করেছে।রবিবার (২৪ মে) তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।