পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
কর্মশালার দৃশ্য।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ে অ্যাসেট প্রকল্পের আওতায় শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সদর উপজেলার তালমা এলাকার হিমালয় বিনোদন পার্কের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুস সামাদ পুলক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার প্রসাদ, পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজহারুল ইসলাম, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) গৌরাঙ্গ নাথ রায় এবং সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মেহেদী হাসান খান বাবলা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কলেজের অ্যাপারেল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর মুক্তি রানী পাল। বক্তারা বলেন, স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি বৃদ্ধি, সঠিক মূল্য নির্ধারণ, আকর্ষণীয় প্যাকেজিং, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যকে লাভজনক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য।

মার্কেটিং বিষয়ে সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তারা। এ সময় শতাধিক শিল্প ব্যক্তি কর্মশালায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শন করেন।