২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু 
দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দেয়া হচ্ছে শিশুদের।   ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

মৃত শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি বরিশালের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।