কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা 
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা  ।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা রয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন আরটিএনএনকে বিষয়টি নিশ্চিত করেন।

তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। মাঝপথে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যান বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ রয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, আশংকাজনক অবস্থায় আনা চারজনের মধ্যে এক নারী মারা গেছেন। বাকি তিন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।