কক্সবাজারে ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৪
কক্সবাজারে ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৪ ।   ছবি: আরটিএনএন

কক্সবাজারে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পর্যটকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পর্যটকদের অভিযোগ, রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন পর্যটক ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় পরিমাপে তেল কম দেওয়া হয়েছে এমন অভিযোগ তুললে পাম্পের কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়।

পর্যটকদের দাবি, বাগবিতণ্ডার জের ধরে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারী ও মালিকপক্ষের লোকজন একত্র হয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিন পর্যটক গুরুতর আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তিও আহত হন।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে। তবে এই ঘটনার বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।