এবার চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি
এবার চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে আটকে অভিযানে গিয়ে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটার বিসমিল্লাহ ম্যানশন এলাকার একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবককে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। তবে অভিযুক্ত যুবক ওই ভবনের ভেতরেই অবস্থান করছে জানতে পেরে শত শত স্থানীয় বাসিন্দা ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসতে চাইলে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা প্রথমে পিছু হটে অবস্থান নেন। উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও রাত নয়টা পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে মুখোমুখি অবস্থানে ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলাটিতে পরপর দুটি এমন নির্মম ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।