চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ৭৬৪০ টাকায়
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ৭৬৪০ টাকায় ।   ছবি: আরটিএনএন

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে একটি বড় সাইজের ইলিশ। মাত্র একটি ইলিশের দাম উঠেছে ৭ হাজার ৬৪০ টাকা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাজারের 'শান্তি ফিশ' নামের একটি আড়তে মাছটি বিক্রি হয়।

​বাজার সূত্রে জানা গেছে, এদিন ভোরে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর চরভৈরবী এলাকায় জাল ফেলেন জেলে সাজু গাজী। অন্যান্য ছোট ইলিশের সাথে তার জালে ধরা পড়ে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের এই বিশালাকৃতির ইলিশটি। ভালো দামের আশায় তিনি দুপুরের দিকে মাছটি নিয়ে ছোটেন চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে।

​সেখানে উন্মুক্ত নিলামে তোলা হলে মাছটিকে ঘিরে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগে। একপর্যায়ে মণের হিসাবে মাছটির দাম হাঁকা হয় ১ লাখ ৯১ হাজার টাকা। সেই হিসাবে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের একক এই ইলিশটি ৭ হাজার ৬৪০ টাকায় কিনে নেন বাজারের ব্যবসায়ী সম্রাট বেপারি।

​ক্রেতা সম্রাট বেপারি জানান, বড় সাইজের ইলিশের চাহিদা সব সময়ই বেশি থাকে। নিলামে সর্বোচ্চ দাম দিয়ে তিনি মাছটি কিনেছেন। তবে শেষ পর্যন্ত সামান্য কিছু লাভ রেখে মাছটি অন্য এক ক্রেতার কাছে বিক্রি করেছেন বলে জানান তিনি।

​এদিকে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে পদ্মা, মেঘনা ও উপকূলীয় এলাকায় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়লেও তার পরিমাণ খুবই সামান্য। সরবরাহ কম থাকায় ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে ভরা বর্ষা বা ইলিশের মূল মৌসুম শুরু হলে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে এবং তখন আকারভেদে দাম অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।