​কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক
​কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক ।   ছবি: আরটিএনএন

বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক যুবক মো. সাগর হোসেন (২২) দৌলতপুর উপজেলার পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আনারুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) জামালপুর বিওপির একটি টহল দল পাকুরিয়া সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাগর হোসেনের কাছ থেকে ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট অ্যান্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মাদক ও মালামালের মোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।