গাংনীতে একটি বাড়ির প্রবেশপথের সামনে থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
গাংনীতে একটি বাড়ির প্রবেশপথের সামনে থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ   ছবি: আরটিএনএন

মেহেরপুরের গাংনীতে একটি বাড়ির প্রবেশপথের সামনে থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

গাংনীর কুমারিডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, উপজেলার চরগোয়াল গ্রামের আতিকুল ইসলাম হানিফ মণ্ডলের বাড়ির প্রবেশপথে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পলিথিন ব্যাগে রাখা অবস্থায় উদ্ধার করে। বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয় এবং পরে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, এটি হুমকি বা চাঁদা দাবির উদ্দেশ্যে রাখা হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।