সুন্দরবনে গুলিতে জেলে নিহতের অভিযোগ, বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ
সুন্দরবনে মাছ আহরণকরী নৌকা।   ছবি: সংগৃহীত

সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে বন বিভাগের সদস্যদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আমিনুর রহমান গাজী (৪৫)।

সোমবার (১৮ মে) সকালে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের সহকর্মীরা। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন সঙ্গে থাকা জেলেরা।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।

সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের দাবি, তারা চারজন গত ১৩ মে বন বিভাগের অনুমতি নিয়ে কাঁকড়া আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেন। রোববার রাতে ঘুমিয়ে থাকার সময় বাতাসের কারণে তাদের নৌকা অভয়ারণ্য এলাকায় ঢুকে পড়ে।

তাদের ভাষ্য, সোমবার সকালে সেখান থেকে ফেরার পথে বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিম তাদের আটক করে। একপর্যায়ে নৌকা রেখে চলে যেতে বলা হলে জেলেরা তাতে রাজি হননি। পরে নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারকের নির্দেশে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর গুলিবিদ্ধ হন।

সহকর্মীরা আহত অবস্থায় তাকে নিয়ে ফিরতে শুরু করলে পথেই তার মৃত্যু হয় বলে জানান তারা।

এদিকে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, এ ঘটনায় স্মার্ট প্যাট্রোলিং টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করা হয়েছে।