ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক দুই ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক দুই ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।   ছবি: আরটিএনএন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক দুই ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয় ।

পীরগঞ্জ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মাহমুদুল হকের ৯ মাস বয়সী ছেলে হোসাইন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় উঠানে থাকা লিচু মুখে দেওয়ার পর লিচুর বিচি গলায় আটকে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেলে দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও সিন্দুল্লাহ গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন (৩৫) আনোয়ার মুহুরীর বাড়িতে ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, ৯ মাস বয়সী শিশু হোসাইনকে এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।