শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে নারী
একজন র‌্যাব সদস্য ঘটনাস্থল পরিদর্শন করছেন।   ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের একটি বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিষ্টি বাড়ৈ নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন; মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (২৪), তার স্ত্রী ইশা দাস (১৯) এবং তাদের আট মাস বয়সী সন্তান জেমি দাস।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমিরাবাদ এলাকার একটি বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় বেড়াতে আসেন। পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ হেফাজতে থাকা মিষ্টি বাড়ৈ দাবি করেছেন, দীর্ঘ সময় দরজায় ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তার সন্দেহ হয়। এরপর তিনি ৯৯৯-এ ফোন দেন।

ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।