রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতুসহ চারটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের অনুষ্ঠানে জেলার বেশিরভাগ সাংবাদিক ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করেন।
রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতুসহ চারটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের অনুষ্ঠানে জেলার বেশিরভাগ সাংবাদিক ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করেন।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতুসহ চারটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের অনুষ্ঠানে জেলার বেশিরভাগ সাংবাদিক ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

মিলনায়তনের সীমিত আসন সংখ্যার কারণে অল্প কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করতে পারলেও দেশের বিভিন্ন জাতীয় ইলেকট্রনিক মিডিয়া ও দৈনিক পত্রিকার অধিকাংশ সাংবাদিককে বাইরে অপেক্ষা করতে হয়। এতে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এটিএন নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “মন্ত্রী ভেতরে বক্তব্য দিচ্ছেন, আর ভেতরে বসার জায়গা না পেয়ে সাংবাদিকদের বাইরে অপেক্ষা করতে হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক।”

একই ধরনের প্রতিক্রিয়া জানান এখন টিভির রাজবাড়ী প্রতিনিধি নেহাল আহমেদ। তিনি ফেসবুকে লেখেন, “দৃশ্যটি খুবই কষ্টকর। সহকর্মীদের বাইরে বসিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের জবাবদিহিতা থাকা উচিত।”

সাংবাদিকরা অভিযোগ করে বলেন, এটি আয়োজকদের ব্যর্থতা। অনুষ্ঠানের পরিসর অনুযায়ী যথাযথ ভেন্যু নির্বাচন না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।