নতুন কুঁড়ি স্পোর্টস: পায়ের জাদুতে দলকে ফাইনালে তুললেন প্রতিভাবান দেব মণ্ডল
উজিরপুরের নবম শ্রেণির ছাত্র দেব মণ্ডল।   ছবি: আরটিএনএন

বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝেই বেড়ে ওঠা এক কিশোর এখন বরিশালের ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্নের নাম। অভাবের সংসার, নেই কোনো নামী একাডেমি কিংবা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ। তবু অদম্য ইচ্ছাশক্তি আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ আলো ছড়াচ্ছেন উজিরপুরের নবম শ্রেণির ছাত্র দেব মণ্ডল।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা এখন ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। প্রতিভা অন্বেষণমূলক এই টুর্নামেন্টে উজিরপুর উপজেলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমে নজর কাড়েন তিনি। উপজেলা পর্যায়ে দুটি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে।

জেলা দলে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে এলোমেলো করে দেন তিনি। দেবের জাদুকরী হ্যাটট্রিকে বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুরকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের বিপক্ষেও একই ছন্দে ছিলেন দেব। দলের ৩-১ গোলের জয়ে একটি দৃষ্টিনন্দন গোল করে বরিশালকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মিন্টু চন্দ্র মণ্ডল ও জোছনা চন্দ্র মণ্ডলের সন্তান দেবের এই উঠে আসার গল্প সহজ ছিল না। কোনো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের স্থানীয় মাঠগুলোতে অনুশীলন করেই তিনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন। দেশের ফুটবলে তাঁর অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মো. রাকিব হোসেন। আর বিশ্বফুটবলে তিনি মুগ্ধ লিওনেল মেসির খেলায়।

এই প্রতিভাবান কিশোরের স্বপ্ন আরও বড়। মাঠে নামলেই তাঁর একটাই লক্ষ্য—একদিন লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা। নতুন কুঁড়ি স্পোর্টস যদি দেব মণ্ডলের মতো প্রতিভাদের সঠিক পরিচর্যা দিতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল একজন সম্ভাবনাময় স্ট্রাইকার পেতে যাচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন সবার চোখ টুর্নামেন্টের ফাইনালে। বরিশালের এই বিস্ময়বালক সেখানে আরও একটি স্মরণীয় পারফরম্যান্স উপহার দেন কি না, সেটিই দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।