পাচারের সময় ৩ ট্রলারসহ ২,৪০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৩৩
আটককৃত সিমেন্ট ও পাচারকারীরা।   ছবি: সংগৃহীত

সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রলার থেকে প্রায় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব সিমেন্ট জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে সন্দেহভাজন তিনটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানে ট্রলারগুলো থেকে ৩৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান আরও জোরদার করা হচ্ছে। জব্দ সিমেন্ট, ব্যবহৃত ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।