ত্যাগের রাজনীতিই এ দেশের ভাগ্য বদলাবে: এটিএম আজহার
শনিবার বিকেলে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম।   ছবি: আরটিএনএন

জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এ দেশে মানুষের কল্যাণে রাজনীতি খুব কমই হয়। ব্যক্তি ও দলীয় স্বার্থের রাজনীতিই দেশের উন্নয়নের অন্তরায়। তবে জামায়াতে ইসলামী এ ধারার ব্যতিক্রম। দলটি মানুষের কল্যাণের রাজনীতি করে এবং পবিত্র কুরআন-হাদিসের আলোকে শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে কাজ করছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতিতে পরিবর্তনের যে হাওয়া সৃষ্টি হয়েছিল, কিছু স্বার্থান্ধ রাজনৈতিক দল ও ব্যক্তির কারণে সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মানসিকতার পরিবর্তন আনতে হবে। ভোগের নয়, ত্যাগের রাজনীতিই এ দেশের ভাগ্য বদলাবে।

শনিবার (১৬ মে) বিকেলে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, অন্যথায় দিন শেষে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।

সম্মেলনে প্রধান আলোচক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জুবায়ের বলেন, ক্ষমতাসীন সরকার মানুষের বহুল প্রত্যাশিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা গুম, খুন ও দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নির্মূলে অনাগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে সুবিধাভোগী সরকার এখন জুলাইকে অস্বীকার করতে চায়। তারা সর্বত্র জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকার পুরোনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে, যা সচেতন দেশবাসীকে উদ্বিগ্ন করছে।

নগরীর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।