নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল ।
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ ।   ছবি: সংগৃহীত

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মে) সকাল আটটার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এরপর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে আসে। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর ভেঙে পড়া একটি বড় গাছের ডালের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রা চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনে বাতিল করা হয়। পরে রূপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে, বিকেল নাগাদ ইঞ্জিনটি উদ্ধার করা সম্ভব হলে এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।