বান্দরবানে আগুনে পুড়লো ৫০ দোকান-বসতঘর
বান্দরবানে আগুনে পুড়লো ৫০ দোকান-বসতঘর ।   ছবি: সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বাঘমারা বাজারটি চতুর্থবারের মতো আগুনে পুড়ল।

শনিবার (১৬ মে) দিনগত রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঘরগুলো বাঁশ ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাহাড়ি ও দুর্গম এলাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।

অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবলু মহুরী ও মিদু রাখাইন জানান, গভীর রাতে সবাই যখন ঘুমে, তখন আগুন লাগে। চোখের পলকে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কোনো মালামাল বের করতে পারেননি। তারা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, এর আগে সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। এ নিয়ে চারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হলেন এই বাজারের ব্যবসায়ীরা। আগের সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও একই ধরনের বিপর্যয়ে পড়ে তারা চরম সংকটে পড়েছেন।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে।