ফ্রান্সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু, পরিবারের খোঁজে মানবিক আবেদন
ফ্রান্সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু, পরিবারের খোঁজে মানবিক আবেদন ।   ছবি: আরটিএনএন

ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশি প্রবাসী এনামুল হকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যশোর জেলার মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভোমরদহ এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২২ সালের এপ্রিল মাসে ফ্রান্সে পাড়ি জমান এনামুল হক। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও পরে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন।

দীর্ঘদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১৪ মে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রবাসজীবনে এনামুল হক একাকী অবস্থায় ছিলেন বলে জানা গেছে। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি চিকিৎসা সহায়তা চেয়ে একটি আবেগঘন আবেদনও করেছিলেন। পরে কয়েকজন বাংলাদেশি প্রবাসী মানবিক কারণে তার পাশে দাঁড়ান এবং চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নেন।

তবে মৃত্যুর পর এখনো পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বা নিকট আত্মীয়ের সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালিয়েও স্বজনদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এতে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি, যশোর জেলার স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যদি কেউ মরহুম এনামুল হকের পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।