ব্যালট বাক্স দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে: সারজিস আলম
ব্যালট বাক্স দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে: সারজিস আলম ।   ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হলেও স্থানীয় নির্বাচনে আর কোনো ধরনের ছাড়ের সুযোগ নেই। কেউ ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে কিংবা ব্যালট বাক্স দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্য’র বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন আমরা ভেবেছিলাম, গত ১৬-১৭ বছর যারা স্বৈরাচার সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, তারা অন্তত শিক্ষা নেবে। কিন্তু অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন দেওয়ার পর যারা নতুন করে ক্ষমতায় এসেছে, তারা তিন মাস না যেতেই প্রমাণ করেছে দক্ষতার চেয়ে দেশের মূল্য তাদের কাছে কম।

তিনি অভিযোগ করেন, ধাপে ধাপে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় গেছে, কিন্তু ভুলে গেছে ৭০ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, “মানুষ এবার শুধু তারেক রহমানের মুখ দেখে ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষে, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে।”

তিনি আরও বলেন, তারেক রহমান যদি জনগণের সঙ্গে প্রতারণা করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তাহলে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ তুলে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে পরোক্ষভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হয়েছিল। “আর এখন বিএনপির সময় এসে দেখা যাচ্ছে, তারা পরোক্ষতার ধার ধারে না; দলীয় পরিচয়ের লোকজন দিয়ে প্রকাশ্যে মিডিয়া দখলের চেষ্টা চলছে,” দাবি তাঁর।

সীমান্ত হত্যা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ফেলানিসহ অসংখ্য মানুষ সীমান্তের কাঁটাতারে প্রাণ দিয়েছে। গত এক সপ্তাহে আরও তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো শক্ত অবস্থান দেখা যায়নি।

তিনি বলেন, কোনো রাষ্ট্র, সংস্থা বা বিদেশি শক্তির কাছে দেশের সার্বভৌমত্ব ও মানুষের জীবন বন্ধক রেখে রাজনীতি প্রতিষ্ঠা করা যাবে না। দেশে নতুন করে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, রাষ্ট্র কি শুধু একটি দলের? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বাংলাদেশের সরকার?

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি। কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে হয় ভোট বন্ধ হবে, না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে।

বিএনপির খাল খনন কর্মসূচির প্রশংসা করলেও সারজিস আলম বলেন, নদীতে পানি না থাকলে খাল খনন করে লাভ কী? পদ্মায় যদি পানি না থাকে, তাহলে সেই খালে পানি আসবে কোথা থেকে?

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে একচুলও সরে যাওয়ার সুযোগ নেই।