মাদক কারবার নিয়ে বাকবিতণ্ডার জেরে ছেলের হাতে বাবা খুন,
জোরারগঞ্জ থানা চট্টগ্রাম।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলের হামলায় বাবা আবু আহম্মদ ডিলার (৭০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাত প্রায় ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৪০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। নিহত আবু আহম্মদ ডিলার করেরহাট ইউনিয়নের বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। শুক্রবারও বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে মিলন বাবাকে কিল-ঘুষি ও তলপেটে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই আবু আহম্মদের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইব্রাহিম মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।