বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের পাঁচ সদস্যকে বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের পাঁচ সদস্যকে বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।   ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের পাঁচ সদস্যকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত চার জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়রা মানুষ অংশ নেন। পরিবারের কর্তা মীর কালামের কবরের পাশে তার স্ত্রী ও তিন সন্তানকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান পরিবারের কর্তা মীর কালাম (৩৫)। এরপর তাকে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। একে একে মারা যান তার তিন সন্তান—মুন্না, কথা ও মুন্নি। সর্বশেষ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী সায়মা (৩২)।

নিহত মীর কালামের চাচাতো ভাই রফিক মিয়া বলেন, “একই পরিবারের পাঁচজনকে হারিয়ে আমরা সবাই শোকে স্তব্ধ। গ্রামের মানুষ মিলে দাফনের সব ব্যবস্থা করেছে।”

জানাজায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। 

এমআর/আরটিএনএন