রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে প্রতিবেশীর পানির লাইন বন্ধ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।
রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে প্রতিবেশীর পানির লাইন বন্ধ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ।   ছবি: আরটিএনএন

রায়পুর উপজেলা পৌর ১ নং ওয়ার্ডে মোঃ সেলিমের (৫০) বিরুদ্ধে প্রতিবেশীর পানির লাইন বন্ধ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবেশী আহম্মদ উল্যা (৭৬) শুক্রবার (১৫ মে) বিকালে সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ প্রকাশ করেন।

আহম্মদ উল্যা জানান, ২০১৭ সালে তিনি মোঃ সেলিমের পিতা নূরনবী কালুর কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এবং তারপর থেকে সেখানে বসবাস করছেন। নূরনবী কালুর অনুমতিক্রমে তিনি তার বাসার পানির লাইন যুক্ত করেছিলেন। সম্প্রতি একটি ঘটনা নিয়ে মোঃ সেলিম তার পানির লাইন বন্ধ করে দিয়েছেন।

আহম্মদ উল্যা আরও বলেন, মোঃ সেলিম তার মেয়েকে তাঁর প্রবাসী নাতির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। তবে আহম্মদ উল্যা এবং তার মেয়ের স্বামী দ্বিমত প্রকাশ করে নাতিকে অন্য জায়গায় বিয়ে দেন। ক্ষিপ্ত হয়ে মোঃ সেলিম এই পদক্ষেপ নিয়েছেন। ভুক্তভোগী আহম্মদ উল্যা বলেছেন, তিনি এ ঘটনায় সঠিক বিচার ও সমাধান চাইছেন।

গত ১২ মে এই বিষয়ে আহম্মদ উল্যা রায়পুর থানায় অভিযোগ দায়ের করেন।