দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মে মাসে ১৯ জাহাজ আসছে।
দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মে মাসে ১৯ জাহাজ আসছে।   ছবি: সংগৃহীত

মে মাসে চট্টগ্রাম বন্দরে দেশজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৯টি তেলবাহী জাহাজ নোঙর করবে।  যা মোট ৫ লাখ ৫২ হাজার ৫০০ টনের বেশি জ্বালানি বহন করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, এখন পর্যন্ত ১৪টি জাহাজ দেশে পৌঁছেছে। এ মাসের বাকি সময়ে আরও পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।

বিপিসির তথ্যমতে, এই জাহাজগুলোতে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল। তিনি আরও জানান, আগামী জুন মাসের জন্য ১৬টি তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে সরকার নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করছে।

চলতি মাসে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি জাহাজের মধ্যে রয়েছে ‘এমটি ফসিল’, যা ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এছাড়া ‘এমটি নিনেমিয়া’ নামের অপরিশোধিত তেলবাহী জাহাজ ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি মজুত নিশ্চিত করতে এই ধারাবাহিক আমদানি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এমআর/আরটিএনএন