মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ।   ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘কাসেমাবাদ-হরিসেনাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।

সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে গ্রামবাসীরা বলেন, নির্মম হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পার হলেও এখনো হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

এর আগে গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকার বাসিন্দা মঞ্জু বেপারী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। স্থানীয়দের ভাষ্য, মৃত ইয়াসিন খানের বাড়ির সংলগ্ন নির্জন সড়কে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।