চট্টগ্রামে রডবোঝাই ট্রাক উল্টে রড ঢুকে পথচারীর মৃত্যু
চট্টগ্রামে রডবোঝাই ট্রাক উল্টে রড ঢুকে পথচারীর মৃত্যু ।   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে আবদুল মান্নান (৬১) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কসমোপলিটন এলাকার একটি ঢালু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে গাড়ি থেকে বেরিয়ে থাকা রড ওই বৃদ্ধের পেটে ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত আবদুল মান্নান নোয়াখালী সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কসমোপলিটন এলাকার একটি ঢালু সড়ক দিয়ে রডবোঝাই ট্রাকটি ওপরে ওঠার চেষ্টা করছিল। ট্রাকের পেছনের অংশে কয়েকটি রড বিপজ্জনকভাবে বাইরে বেরিয়ে ছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মান্নানের শরীরে একটি রড বিঁধে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।

পাঁচলাইশ থানার পরিদর্শক জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতেই নিহতের স্বজনরা নোয়াখালী থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।