লালমনিরহাটে দুই কোটি টাকার মার্কিন ডলারসহ যুবক আটক
তিস্তা টোল প্লাজায় পুলিশের অভিযান, ২ কোটি টাকার ডলারসহ যুবক আটক   ছবি: আরটিএনএন

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। যার বাংলাদেশি বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ সময় মো. লিখন মিয়া (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার ওই চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। আটক লিখন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার নুরনবী সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম সংবাদমাধ্যমকে জানান, জব্দকৃত বৈদেশিক মুদ্রার উৎস এবং এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭) অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সীমান্তবর্তী জেলা হওয়ায় এই ডলার পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।