প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে জেলা ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে জেলা ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল ।   ছবি: আরটিএনএন

আগামী ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের চাঁদপুর জেলা সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় ছাত্রদল। এই আগমনকে স্বাগত জানিয়ে বুধবার (১৩ মে) বিকেলে শহরে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করে চাঁদপুর জেলা ছাত্রদল।

বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত করে তোলে এবং পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী ও আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের চাঁদপুর আগমন এক ঐতিহাসিক মুহূর্ত। ছাত্রদল সবসময়ই একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন। এই সফরকে সফল করতে জেলা ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ তার বক্তব্যে বলেন, জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের প্রতিটি ইউনিট স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং সফরের দিন জনসমুদ্র তৈরি করতে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন।

স্বাগত মিছিলে জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন  জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্স প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।