পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং
পঞ্চগড়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং ।   ছবি: আরটিএনএন

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল ও অগ্রগতি তুলে ধরতে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি পুনরায় চালু, বৃক্ষরোপণ অভিযান, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়। এতে জানানো হয়, গত ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যার আওতায় প্রাথমিক পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন কৃষক ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত হচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা এক ছাতার নিচে ১০ ধরনের সুযোগ-সুবিধা পাবেন। সারা দেশে পর্যায়ক্রমে এই ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার তথ্য তুলে ধরে জানানো হয়, গত ১৬ মার্চ থেকে পরবর্তী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খাল ও জলাধার পুনঃখননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাবলম্বী করতে বিশেষ গণপরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। কৃষকদের কল্যাণে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্তের ফলে দেশের ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন, যেখানে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। সভায় কৃষক কার্ডকে দেশের কৃষি খাতের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। ডিজিটাল এই পরিচয়পত্রের মাধ্যমে কৃষকেরা কোন কোন সেবার আওতায় রয়েছেন, তা সহজেই যাচাই করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা এবং পঞ্চগড় প্রেসক্লাবের শীর্ষস্থানীয় নেতারাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।