ময়মনসিংহের দুটি ইউনিয়নে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
বুধবার (১৩ মে) সকাল থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢলের পানি দ্রুত বাড়তে শুরু করে ।   ছবি: আরটিএনএন

টানা বৃষ্টি ও গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ঘোড়াঘাট নদীর বেড়িবাঁধ ভেঙে গাজীরভিটা ও ভুবনকুড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৩ মে) সকাল থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢলের পানি দ্রুত বাড়তে শুরু করে। এতে নদী তীরবর্তী গ্রামগুলোর ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বাড়ার কারণে অনেক পরিবার বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঢলের তীব্রতায় দুই ইউনিয়নের অন্তত দুটি কাঁচা রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীরভিটা ও ভুবনকুড়া পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করলেও বিকেলের দিকে কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

ঘোড়াঘাট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও বৃষ্টি কমলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ মেরামতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।