ঘুমন্ত স্বামীর গলা কাটার চেষ্টায় স্ত্রী আটক ।
ঘুমন্ত স্বামীর গলা কাটার চেষ্টায় স্ত্রী আটক ।   ছবি: সংগৃহীত

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

বুধবার (১৩ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্ত্রীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আহত হৃদয় ইসলাম (২৬) পৌরসভার বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদের এরশাদ হুজুরের ছেলে। অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথী ওরফে জান্নাতুল ফেরদৌস আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এ সময় তার স্ত্রী ধারালো প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি চাকু দিয়ে তার গলায় আঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর জখম হন হৃদয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।

আহত হৃদয়ের বাবা এরশাদ আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর প্রথমদিকে সংসার ভালো চললেও গত প্রায় দেড় বছর ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। হঠাৎ হৃদয়ের চিৎকার শুনে গিয়ে দেখি সে গলা চেপে ধরে আছে এবং পাশে ছুরি হাতে দাঁড়িয়ে আছে তার স্ত্রী।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. করিম বাদশা বলেন, আহত যুবকের গলায় গভীর ক্ষত রয়েছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।