জমি নিয়ে বিরোধে মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা
নিহত মাদ্রাসা সুপার মাওলানা আবুল কাশেম।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম নামে এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পুকুরপাড়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি চলছে এবং একপর্যায়ে একজনকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাশেম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।