শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড ।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) কুপিয়ে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আদালতের পরিদর্শক মোস্তাসিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার গ্রামের বাসিন্দা সুজিত শীলের সঙ্গে তাঁর স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে কলহ চলছিল। এই বিরোধের জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সুজিত তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় শাশুড়ি জ্যোৎস্না রানী বাধা দিতে এলে সুজিত তাঁকেও নৃশংসভাবে কুপিয়ে জখম করেন।

মা ও মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানীর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সুজিত শীল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কঠোর পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।