চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর েসেতুতে টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি।
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আদায় কমিটি।

বুধবার সকাল ৮টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে পরিবহন শ্রমিক, চালক, মালিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে, মানববন্ধন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে দাবি জানানো হলেও এখন পর্যন্ত টোল প্রত্যাহারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং টোলের হার বাড়িয়ে নতুন ইজারা দরপত্র আহ্বান করায় জনমনে ক্ষোভ আরও বেড়েছে।

তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। তিন দশকের বেশি সময় ধরে এই টোল আদায় জেলাবাসীর জন্য এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ পড়ছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে টোল ব্যবস্থার কারণে মানুষকে ভোগান্তি, হয়রানি এবং কর্মঘণ্টা নষ্টের শিকার হতে হচ্ছে। তাই দ্রুত সেতুটি টোলমুক্ত করার দাবি জানান তারা।

এ সময় তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১৭ মের মধ্যে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করা না হলে ১৮ মে সড়ক ভবন অবরোধসহ মহানন্দা সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।