ফেসবুক স্ট্যাটাসে বিতর্ক, বিএমডিএ প্রকৌশলীকে বরখাস্ত
উপসহকারী প্রকৌশলী সাব্বির রহমান।   ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ মে) বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে রাজশাহী সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ১০ মে নিজের ফেসবুক আইডিতে সাব্বির রহমান একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!” পরবর্তীতে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে।

আদেশে উল্লেখ করা হয়, এ ধরনের মন্তব্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ আচরণ দাপ্তরিক শৃঙ্খলাবহির্ভূত ও অসদাচরণ হিসেবে গণ্য।

সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিএমডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে দেয়া স্ট্যাটাসের কারণেই তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।