অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,আহত ইউএনওসহ কয়েকজন
অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,আহত ইউএনওসহ কয়েকজন ।   ছবি: আরটিএনএন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার পূর্ব বলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম অপসারণ শুরু করলে উপস্থিত কিছু লোকজনের সঙ্গে প্রশাসনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।