পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি 
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি ।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর কালুখালীতে দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে চার শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কালুখালী দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব আবু নুর মো. ইমারত আলী।

তিনি বলেন, কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালনকারী চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—সূর্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আব্দুস আজিজ, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান হুমায়ুন কবির, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসার মুহাদ্দিস মো. ফায়জুল্লাহ এবং আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এরশাদ হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়, অব্যাহতি পাওয়া চার শিক্ষক ১৬২ নম্বর কালুখালী দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের ১ ও ৫ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাঁরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ কারণে তাঁদের পরবর্তী দিনগুলোর পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।