সীমান্তে গরু ছিনতাইয়ের চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো স্থানীয়রা
সীমান্তে গরু ছিনতাইয়ের চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো স্থানীয়রা ।   ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়দের বাধায় তা প্রতিহত হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩–সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন। বিজিবির উপস্থিতিতে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের ভেতরে সরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিজিবি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বিএসএফ একটি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। তবে কাউকে আটক বা ধরে নিয়ে যাওয়া হয়নি।

এ ঘটনায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ফজলে মুনিম এর বক্তব্য পাওয়া যায়নি।