শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার ।   ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাসার রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাসার রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের নারীরা ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে ইঁদুরের গর্তে একটি সাপকে ফণা তুলে থাকতে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার দেন। খবর পেয়ে তারেক আহমেদ সাপটি মারার চেষ্টা করলেও এর আক্রমণাত্মক আচরণ দেখে সরে যান।

পরে বিষয়টি জানানো হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কোবরা সাপটি বিষধর। সাপটিকে পরে বনে অবমুক্ত করা হবে।