আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ কোরবানির পশুর পাশাপাশি ব্যতিক্রমী এই গোলাপি মহিষটি রয়েছে। সাড়ে তিন বছর বয়সী এলবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। খামার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। চলাফেরাতেও মহিষটির রয়েছে রাজকীয় ভাব।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর থেকে খামারে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। মহিষটি ইতিমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।
খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, মহিষটির মাথার সামনের চুল ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো হওয়ায় আমরা এর নাম রেখেছি ‘ডোনাল্ড ট্রাম্প’। দেখতে যেমন আকর্ষণীয়, স্বভাবও তেমন শান্ত। এটি এলবিনো জাতের মহিষ, যা সাধারণত শান্ত প্রকৃতির হয়। উত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না।

ব্যতিক্রমী নাম ও গোলাপি রঙের কারণে প্রতিদিনই খামারটিতে মহিষটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা মিলন মিয়া বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু ডোনাল্ড ট্রাম্পকেই দেখতে আসছে। আমরাও দেখতে এসেছি।’
আরেক দর্শনার্থী সুলতানা আক্তার বলেন, মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।
খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ যত্ন নেওয়া হয়। প্রতিদিন দুই বেলা সময় মেনে তাকে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরিচর্যাও করা হচ্ছে।
রাবেয়া অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, এবার কোরবানির ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছে। তবে সবার আগ্রহের কেন্দ্র এখন গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রতিদিন অসংখ্য কৌতূহলী মানুষ শুধু একনজর দেখতে খামারটিতে ভিড় করছেন।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। ৬ হাজার ৫৩৫টি খামারে কোরবানির জন্য ১ লাখ ১৩ হাজার পশু প্রস্তুত রয়েছে। একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা হয়েছে বলে শুনেছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!