সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।   ছবি: সংগৃহীত

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা।

এদিকে, জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে নগরীর জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলা চালায়।

জানা যায়, শিশু ফাহিমাকে নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করে জাকির। ঘটনার সময় জাকিরের বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পরে তার স্ত্রীর ওড়না দিয়ে ফাহিমার মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরে রাখে সে। এরপর ওড়নাসহ মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। গেল শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মরদেহ উদ্ধারের পর নিহত ফাহিমার মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।