নওগাঁর নিয়ামতপুর ও আত্রাই উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর নিয়ামতপুর ও আত্রাই উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ছবি: আরটিএনএন

নওগাঁর নিয়ামতপুর ও আত্রাই উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় নিয়ামতপুর-ধানশুরাগামী পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে দুই প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা: মো. মেছের আলী,  বালুয়াচরি এবং মো. আসাদুজ্জামান নয়ন (২৬), পিতা: মো. গোলাম আজম, গ্রাম: আলহাজ আহমেদ আলী বিশ্বাসের টোলা। উভয়ের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, চাপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ামতপুর এলাকায় নিয়ে আসা হচ্ছিল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইন, মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানে নেশাজাতীয় ২২২ পিস অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. প্রিন্স (২৬), পিতা: মৃত আব্দুর রাজ্জাক এবং মো. আব্দুর রহমান (৩২), পিতা: মোহাম্মদ খলিলুর রহমান। উভয়ের বাড়ি ভরতেতুলিয়া গ্রামের আত্রাই এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার প্রিন্সের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার একাধিক ওয়ারেন্ট রয়েছে তার নামে।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।