চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রির অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রির অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   ছবি: আরটিএনএন

চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রির অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কচুয়া উপজেলার আশরাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি বিভিন্ন রোগের মহৌষধ ও ঔষধি গুণাগুণ থাকার প্রলোভন দেখিয়ে ঠাকুর বাজার এলাকায় প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জবাইকৃত শেয়ালের মাংস জনসম্মুখে মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অভিযুক্তরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে শেয়ালের মাংস বিক্রি করছিলেন। তারা দাবি করছিলেন, এই মাংস খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি একদিকে যেমন প্রতারণা, অন্যদিকে বন্যপ্রাণী আইনের লঙ্ঘন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর এলাকাবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়েছে।