মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের, শিক্ষার্থীর মৃত্যু, ডুবে মৃত্যু, মেঘনা নদী, বি.এফ শাহীন কলেজ, আদমজী কলেজ, মিরপুর-১,
মেঘনায় গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের।   ছবি: সংগৃহীত

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহির শাহরিয়ার ঢাকার বি.এফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজধানীর মিরপুর-১ এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।

সহপাঠীদের সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বি.এফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা মেঘনা নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে মাহিরসহ তিনজন ভেসে যেতে থাকেন।

উপস্থিত শিক্ষার্থীরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় মাহির নদীর পানিতে তলিয়ে যান।

পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা পর নদীর তলদেশ থেকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

ঘটনাস্থলে থাকা এক স্থানীয় বাসিন্দা বলেন, এ এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারপরও অনেকেই ঘুরতে এসে নদীতে নামেন। আজও শিক্ষার্থীরা ভ্রমণে এসে নদীতে নেমেছিল, শেষ পর্যন্ত একজনের প্রাণ গেল।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক কর্মকর্তা জানান, দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে তারা ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে বিকেল ৩টার দিকে অভিযান শুরু করে নিখোঁজ স্থানের কাছাকাছি এলাকা থেকে প্রায় আধাঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।