মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।   ছবি: আরটিএনএন

পেশার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ফারিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান ওয়ালিদ। এছাড়া বক্তব্য দেন ফারিয়ার মেহেরপুর জেলা সভাপতি শিবলী সাদ শিমুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং ব্যবস্থাপক ফোরামের পক্ষ থেকে রফিকুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। তারা কখনোই দালাল নন। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ লেখার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রয়োজনীয়।

বক্তারা আরও বলেন, চিকিৎসক ও ওষুধ কোম্পানি একে অপরের পরিপূরক। অথচ তাদের দালাল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা অত্যন্ত অবমাননাকর। এই ধরনের মন্তব্য পরিবার জানলে সামাজিকভাবে তারা বিব্রত হন বলেও উল্লেখ করেন তারা।

তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিষয়ে পুনর্বিবেচনা করে তাদের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।