নরসিংদীতে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীতে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   ছবি: সংগৃহীত

নরসিংদীতে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে ও মেয়েদের উপজেলা ভিত্তিক ফুটবল এবং ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফুটবলের ছেলেদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিজয়ী হয় রায়পুরা উপজেলা। অন্যদিকে মেয়েদের ফুটবল বিভাগে শিবপুর ও মনোহরদী উপজেলা ফাইনালে অংশ নেয়। এতে শিবপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নরসিংদী সদর উপজেলা ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে পলাশ উপজেলাকে পরাজিত করে। এর আগে পলাশ উপজেলা ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সংসদ সদস্য মনজুর এলাহী, সংরক্ষিত মহিলা আসন–২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা, নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং জেলা সিভিল সার্জন ডা. বুলবুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলা থেকে দূরে সরিয়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছি।”

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

উল্লেখ্য, গত ২ মে সিলেট থেকে সারাদেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নরসিংদীতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জেলার এ আয়োজনের সমাপ্তি ঘটে।